২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোরের শিশিরে শীতের আগমন বার্তা

কার্তিক মাসের মাঝামাঝিতে শীতের আমেজ শুরু হয়েছে রংপুরে। দুর্বা ঘাস আর ধানের কচি ডগায় মুক্তার মতো আলো ছড়িয়ে থাকা শিশির জানান দিচ্ছে শীত আসছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2021, 02:20 PM

Updated : 10 Oct 2022, 06:21 PM

স্থানীয়রা বলছেন, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে এ বছর আগাম শীত অনুভব হচ্ছে। দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাতভর হালকা বৃষ্টির মত টিপটিপ করে কুয়াশা ঝরতে থাকে। ভোরের আলো ফোটার সঙ্গে ঘাসের ডগায় ও ধানের শীষে দুলে উঠে বিন্দু বিন্দু কুয়াশা। সেই সঙ্গে অনুভূত হচ্ছে মৃদু ঠান্ডা শীত।

রংপুর অফিসের সহকারী আবাওয়াবিদ মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তর হিমালয় থেকে ঠান্ডা বাতাস আসার কারণে ভোরে কুয়াশা পড়ছে।”

বুধবার ভোরে রংপুর শহরের বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, হালকা কুয়াশায় ঢেকে রয়েছে রাস্তাঘাট।  সড়কে-মহাসড়কে বাস-ট্রাকগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। একটু বেলার হলেও সকালে অনেকেই বাড়ি থেকে বের হয়েছেন হালকা গরম কাপড় মুড়িয়ে। আর ঘাসের ওপর ভোরের সূর্য হালকা লালচে রঙয়ের ঝিলিক দিচ্ছে।

রংপুর সির্টি কর্পোরেশন ৮ নম্বর ওয়ার্ডের বধুকামলা এলাকার বাসিন্দা সোহরাব হোসেন দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির কারণে এ বছর আগাম শীত অনুভব হচ্ছে। দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যা পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে।”

সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের অটোচালক আজাহার আলী বলেন, “গত বছর এমন সময়ে কোনো কুয়াশা লক্ষ্য করিনি।”

বাস চালক আব্দুর রহিম বলেন, “দুদিন ধরে সকালে বাস নিয়ে বের হবার সময় হেডলাইড জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে।”