২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মেসে ডুয়েট শিক্ষার্থীর ‘ঝুলন্ত’ লাশ

গাজীপুর নগরীর একটি মেসের শৌচাগার থেকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক ছাত্রের ‘ঝুলন্ত’ লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 09:59 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

শুক্রবার দুপুরে ভুরুলিয়া এলাকার ‘ছায়াতরু মীরবাড়ি’ মেসের শৌচাগারে তার মরদেহ পাওয়া যায়।

মৃত আবু জিহাদ মন্ডল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সমসপাড়ার আব্দুর রহমানের ছেলে। তিনি ডুয়েটে পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি ছায়াতরু মীরবাড়ি মেসে ভাড়া থাকতেন।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার এসআই আল আমিন বলেন, আবু জিহাদ মন্ডল লেখাপড়া নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে গোসল করার জন্য জিহাদ গামছা নিয়ে মেসের বাথরুমে [শৌচাগার] প্রবেশ করেন।

“এর কিছু সময় পর তার জুনিয়র ডুয়েটের কম্পিউটার সাইয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসই) ছাত্র আব্দুল হালিম বাথরুমের সামনে গিয়ে দেখতে পান আবু জিহাদ মন্ডল গলায় গামছা দিয়ে বাথরুমের ভেন্টিলেটরের সাথে ঝুলে আছে।”

পরে অন্য ছাত্ররা গিয়ে আবু জিহাদ মন্ডলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বলেন এসআই আল আমিন।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কশিমনার মো. জাকির হাসান বলেন, “নিহতের বাবা-মা তাকে গ্রামের বাড়ি থেকে নিতে এসেছিলেন। মৃত্যুর আগে শুক্রবার সকালে তারা ওই হোস্টেলেই অবস্থান করছিলেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ কী  তা খতিয়ে দেখা হচ্ছে।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।