মুন্সীগঞ্জে নির্বাচনী হামলায় আ. লীগের বিদ্রোহী প্রার্থী আহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে তন্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে।
তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা পন্ডিত বাড়ির সামনে শুক্রবার এই হামলা হয় বলে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবরের অভিযোগ।
নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেনের নেতৃত্বে এই হামলা হয় বলে আলী আকবর অভিযোগ করলেও জাকির তা অস্বীকার করেছেন।
আলী আকবর ও তার এক কর্মী তুষারকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন।
আনারস প্রতীকের প্রার্থী আলী আকবরের অভিযোগ, “নির্বাচনী প্রচারণার জন্য কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকার ৪ নম্বর ওয়ার্ডে যাই। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেনের নেতৃত্বে তার স্বজনরা রাম দা, হকি স্টিক ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলায় আমার বাম চোখ, নাক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আমার কর্মীদের মারধর করা হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন।”
আলী আকবর বলেন, তার কর্মী স্বাধীন (৫০), সিফাত (২৫), মামুন (৫০), ফজল শেখ (৫৭), ইমন (৩৫), মাহাবুব শেখ (৩৫), দিপু (১৮), দেলোয়ার হোসেন (৪০), আল আমিন (৩০) ও তুষার (২৩) আহত হয়েছেন।
তাদের মধ্যে প্রথম নয় জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডেকেল অফিসার (আরএমও) ডা. মাহিয়া মারজান জানান, চেয়ারম্যান প্রার্থী আলী আকবরের নাক ও চোখে জখম হয়েছে। তাকে ও তার সমর্থক তুষারকে চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করা হয়েছে।
হামলার বিষয়ে জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি কোনো হামলা করিনি। নির্বাচনী মাঠে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমার বদনাম করার জন্য তারা পরিকল্পিতভাবে নাটক করছেন।”
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে ফোর্সসহ আমি উপস্থিত হয়েছি। সেখানে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।”
অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
