২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোবাইল গেমসের’ দ্বন্দ্বে সহপাঠীকে ‘হত্যার চেষ্টা’

সিরাজগঞ্জের তাড়াশে ‘মোবাইলে গেমস খেলায়’ দ্বন্দ্বের জেরে তিন সহপাঠীর বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 06:06 PM

Updated : 07 Apr 2022, 11:48 PM

বৃহস্পতিবার রাতে উপজেলার মনোহরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান।

আহত শাহরিয়ার ইসলাম সৌরভ (১৬) নাটোরের গুরুদাসপুর উপজেলার পিপলা গ্রামের মহসিন আলীর ছেলে এবং তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের দিঘরিয়া দারুল উলুম ইসলাহুল মুসলিমিন কওমী মাদ্রাসার ছাত্র।

তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা সিদ্দিকুর রহমান বলেন, ‘মোবাইলে গেমস খেলাকে’ কেন্দ্র করে মাদ্রাসার ছাত্র শাহরিয়ার ও তার তিন সহপাঠীর মধ্যে বিরোধ চলছিল।

“বৃহস্পতিবার রাত ১০টার  দিকে শাহরিয়ার মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছিল। পথে মনোহরপুর এলাকায় ওই তিন সহপাঠী তাকে ধরে মাটিতে ফেলে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে।”

তিনি বলেন, এ সময় শাহরিয়ারের চিৎকারে লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধারের পর প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি ফজলে আশিক বলেন, সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনরা চিকিৎসায় ব্যস্ত থাকায় এখনও থানায় অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।