পিরোজপুরে সুপারি ব্যাপারিকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক সুপারি ব্যাপারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করা হয় বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির।
নিহত জাকির হোসেন (৫৫) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার আমজেদ হোসেন হাওলাদারের ছেলে।
নিহত জাকিরের ছেলে ইমরান হোসেন বলেন, তার বাবা ইন্দুরকানীর পত্তাশীর হাটে সুপারি বিক্রির জন্য যান। সন্ধ্যা ৭টার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে পিরোজপুর -মোরেলগঞ্জ সীমানায় খাল পাড়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় খুনি। সেখান থেকে কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা বাড়িতে খবর দেয়।
আত্মীয়- স্বজন তাকে প্রথমে মোরেলগঞ্জ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি মারা যান বলে জানান ইমরান হোসেন।
ওসি হুমায়ুন কবির বলেন, “পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।”
এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি বলে তিনি জানান।
