২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে দুই আনসারকে কুপিয়ে জখম

নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে দায়িত্বরত দুই আনসার সদস্যকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2021, 09:26 PM

Updated : 10 Oct 2022, 06:21 PM

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

আহত দুই আনসার সদস্য হলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ছিদ্দিক উল্যাহর ছেলে মো. মিল্লাত হোসেন (৪২) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দানোয়া গ্রামের রুস্তম আলীর ছেলে মো. মুনছুর (২৮)।

এ ঘটনার প্রতিবাদে হাসাতালের কর্মকর্তা-কর্মচারীরা বিকাল ৪টা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেলা ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকে যানজট নিরসনে মিল্লাত হোসেন ও মুনছুর দায়িত্ব পালন করছিলেন। এ সময় হাসপাতালের ফটকের সামনে সিএনজি চালিত অটোরিকশা রাখা নিয়ে কয়েকজন চালকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এর জেরে আকস্মিকভাবে এক ব্যক্তি ছুরি দিয়ে দুই আনসার সদস্যকে এলোপাতাড়ি আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

এরপর স্থানীয়রা আহত আনসার সদস্যদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন বলেন, আনসার সদস্য মিল্লাত ও মনসুরের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। মিল্লাতের অবস্থা সংকটাপন্ন। ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নোয়াখালীতেই তার অস্ত্রোপচার হয়। আহত অপর আনসার সদস্যকেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

সুধারাম মডেল থানার ওসি শাহেদ জানান, দুই আনসার সদস্যকে কুপিয়ে জখমের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি এবং অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি করেছেন। পরে তাদের সঙ্গে অন্য কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতিতে যোগ দেন। এতে হাসপাতালের বর্হির্বিভাগে রোগী দেখা বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারী ও ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন।