‘রোহিঙ্গা শিবিরে বাংলাদেশি সাংবাদিকদের প্রবেশে বাধা নেই’
রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রবেশে বাংলাদেশি সাংবাদিকদের কোনোরকম বিধি-নিষেধ নেই বলে প্রশাসন জানিয়েছে।
রোববার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।
সভায় এক সাংবাদিকের প্রশের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, রোহিঙ্গা শিবিরে বাংলাদেশি সাংবাদিকদের প্রবেশে বা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কোনোরকম বিধি-নিষেধ নেই। তারা সেখানে অবাধে সংবাদ সংগ্রহ করতে পারবেন।
“তবে বিদেশি সাংবাদিকদের রোহিঙ্গা শিবিরে কাজ করার ক্ষেত্রে পূর্বানুমতির প্রয়োজন রয়েছে।”
সভায় কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, “সম্প্রতি রোহিঙ্গা শিবিরে প্রবেশের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার শিকার হচ্ছেন সাংবাদিকরা। তাদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তারা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারছেন না।”
রোহিঙ্গা শিবিরে সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে কোনো বিধি-নিষেধ আরোপ করা হয়েছে কিনা তিনি জানতে চান।
এর পরিপ্রেক্ষিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বিষয়টি জানতে চান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের কাছে।
এ সময় জেলা প্রশাসক রোহিঙ্গা শিবিরে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য দায়িত্বরত প্রত্যেক সংস্থার প্রতি আহ্বান জানান।
