উখিয়ায় ৬ রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজারে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে অভিযান চালিয়ে ছয় রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে; যারা বিভিন্ন মামলায় পলাতক ছিলেন বলে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) জানিয়েছে।
১৪-এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, শুক্রবার ভোরে ও সকালে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হল- উখিয়া উপজেলার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মান্নান ও এনায়েত উল্লাহ, ইরানি পাহাড় রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ তাহের, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডা. মোহাম্মদ উসমান এবং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের নাজিম উদ্দিন ও নুর বাশার।
নাইমুল বলেন, রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্পের আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে এপিবিএনের একটি বিশেষ দল অভিযান চালায়। এতে পৃথক অভিযানে বিভিন্ন ক্যাম্প থেকে মামলার পলাতক ৬ রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়।
“গ্রেপ্তাররা রোহিঙ্গারা ক্যাম্প এলাকায় চাঁদাবাজি, অপহরণ, হত্যা, ডাকাতি, মাদক ও মানবপাচারসহ বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।”
গ্রেপ্তার ছয় রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
