যশোরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
যশোরে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার যশোরের জ্যেষ্ঠ দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম বাঘারপড়া উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথির বরাতে এই আদালতের পিপি এম ইদ্রিস আলী জানান, ২০১২ সালের ৪ সেপ্টেম্বর রাত ১২টার দিকে মনিরুল তার স্ত্রী তারা বেগমকে মুখের মধ্যে গামছা ঢুকিয়ে দিয়ে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করেন। হত্যার পর তিনি তার স্ত্রী বাড়ি থেকে চলে গেছেন বলে প্রচার করেন।
মামলায় আরও বলা হয়, এ ঘটনার ২৫ দিন পর ৮ অক্টোবর তারা বেগমের মা সবুরা খাতুন জামাই বাড়ি এসে নাতি (নিহত তারা বেগমের ছেলে) আবু হুরাইরার কাছে জানতে পারেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। তখন বিষয়টি তিনি স্থানীয় ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিবু প্রসাদকে জানান।
ইদ্রিস আলী বলেন, পুলিশের এ কর্মকর্তা তাৎক্ষণিক মনিরুলের বাড়ি আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন স্ত্রীকে হত্যার পর বাড়ির পাশে বাগানে মাটিচাপা দেওয়া হয়েছে।
ইদ্রিস আলী জানান, ওইদিনই মনিরুলকে আটক করা হয় এবং পরদিন ৯ অক্টোবর বাঘারপাড়া থানা পুলিশ তারা বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তারা বেগমের মা সবুরা বেগম বাঘারপাড়া থানায় মনিরুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শিবু প্রসাদ দত্ত মনিরুল ইসলামকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।
দণ্ডিত মনিরুলকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইসলামের সঙ্গে ১৯ বছর আগে বাঘারপাড়া উপজেলার হাবুল্লা গ্রামের আব্দুর রশিদের মেয়ে তারা বেগমের বিয়ে হয়। তাদের একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।
