২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাস খাদে পড়ে নিহত ৪

মাগুরার শালিখা উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2021, 05:04 PM

Updated : 10 Oct 2022, 06:15 PM

উপজেলার রামকান্তপুরে মাগুরা-যশোর সড়কে রোববার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শালিখা থানার ওসি মাহবুবুর রহমান জানান।

নিহতদের তিনজন হলেন শালিখার শতখালী গ্রামের আনসার সর্দারের মেয়ে নাজমা খাতুন ( ৩০), দিঘলকান্দি গ্রামের বারিক বিশ্বাসের স্ত্রী সহিরুন বেগম (৪৫) ও বাস চালকের সহকারী মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ গ্রামের মামুন। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, যশোর থেকে মাগুরাগামী যাত্রীবাহী বাসটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদের পানিতে পড়ে যায়।

“খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে বাসের ভেতরে ও তলা থেকে চাপা পড়া অবস্থায় চারজনের মৃতদেহ উদ্ধার করে।”

পরে ক্রেন দিয়ে বাসটি উপরে তোলা হয়; এ সময় পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ ঘটনায় শালিখা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মাহবুবুর রহমান জানান।