রাজশাহীর মেডিকেলের কোভিড ইউনিটে একদিনে ৫ মৃত্যু, কমেছে শনাক্তের হার
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; যার শনাক্তের হার গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শনিবার সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন করোনাভাইরাস পজেটিভ ছিল। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
মতদের মধ্যে রাজশাহীর একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও পাবনার একজন। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
শামীম জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন ১৮ জন ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে ২৪০ শয্যার বিপরীতে ভর্তি আছেন ১৫৫ জন। যাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।
কোভিড ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ৫৮ জনের করোনাভাইরাস পজেটিভ। আর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬৬ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে ৩১ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ৭ দশমিক ৬১ শতাংশ।
শামীম বলেন, এটি গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার। আগের দিন বৃহস্পতিবার সংক্রণের হার ছিল ১০ দশমিক ৮৩ শতাংশ।
