২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর নগরীর মাঝুখানের ঝুটপল্লির আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2021, 06:09 PM

Updated : 10 Oct 2022, 06:14 PM

রোববার সকাল সোয়া ১০টায় এই ঝুটপল্লিতে আগুন লাগে। দমকলকর্মীরা দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্যবসায়ীরা অর্ধশতাধিক গুদাম পুড়ে গেছে বললেও ফায়ার সার্ভিস বলছে ৩০টির মতো পুড়েছে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ঝুট ব্যবসায়ীদের দাবি।  

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩-এর উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ জানান, সকাল সোয়া ১০টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন, উত্তরা ফায়ার স্টেশন ও টঙ্গী ফায়ার স্টেশনসহ আশপাশের ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

“সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ছোট-বড় প্রায় ৩০টির মতো ঝুটগুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে।”

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি; আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

ঝুট ব্যবসায়ী খলিলুর রহমান জানান, তারা প্রথমে টঙ্গীর মিলগেইট এলাকায় ঝুটের ব্যবসা শুরু করেন। সেখানে জায়গা স্বল্পতার কারণে টঙ্গীরসহ আশপাশের কয়েকটি এলাকার শতাধিক ব্যবসায়ী মাজুখান এলাকায় দোকান ও গুদাম তৈরি করে ব্যবসা শুরু করেন।

“কিছুদিন আগেও তাদের ওই জায়গায় আগুনের ঘটনা ঘটেছিল; সেই ক্ষতির রেশ কাটতে না কাটতে আবার অগ্নিকাণ্ডের রহস্য বুঝতে পারছি না।”

আরেক ব্যবসায়ী মো. সোলায়মান বলেন, অন্যান্য দিনের মতো রোববার সকালে কার্যক্রম শুরু করেন তারা। পাশের অপর একটি ঝুটের গুদামে আগুনের কুণ্ডলী দেখতে পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ঝুটপল্লির একতা ঝুট ও ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠনের সভাপতি টিটু চৌধুরীর দাবি, রোববার ঝুটপল্লিতে অগ্নিকাণ্ডে এখানকার অর্ধশতাধিক ঝুটগুদাম পুড়ে গেছে। আগুনে তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।