২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলসহ পুড়ে যুবকের মৃত্যু, গৃহবধূ আটক

যশোরের শার্শায় মোটরসাইকেলসহ এক যুবক পুড়ে মারা যাওয়ার পর পুলিশ এক নারীকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2021, 09:22 PM

Updated : 10 Oct 2022, 06:14 PM

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত মনিরুল ইসলাম (৩৫) যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বীথি খাতুন নামের এক নারীকে পুলিশ আটক করেছে।

শার্শা থানার ওসি বদরুল আলম খান স্থানীয়দের বরাতে জানান, উপজেলার কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন এনজিওকর্মী সাইদুর রহমান। ঘটনার রাতে সাইদুর বাড়ি ছিলেন না। তবে তার স্ত্রী বীথি খাতুন ও তাদের সন্তান বাসায় ছিল।

“গভীর রাতে ওই বাড়ির গেইটে আগুন জ্বলতে দেখে চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে আগুন নেভায়। পরে সেখানে একটি মোটরসাইকেল পোড়া এবং নিচে এক যুবকের পোড়া মরদেহ দেখতে পান তারা।”

পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

ওসি বদরুল বলেন, সাইদুরের স্ত্রী বীথিকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে। মামলার প্রস্তুতি চলছে।

যশোরের নাভারন সার্কেলের জ্যেষ্ঠ এএসপি জুয়েল ইমরান বলেন, এ ঘটনায় ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত তদন্ত শেষে প্রকাশ করা হবে।