২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে কৃষি জমিতে বিদ্যুতের ছেঁড়া তার, বাবা-ছেলের মৃত্যু 

ময়মনসিংহের কৃষি জমিতে পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। 

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2021, 11:41 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

বৃহস্পতিবার বিকেলে ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোকামিয়া পূর্বপাড়া (বওলাকান্দা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শুকুর মাহমুদ ওরফে শুর মামুদ (৬০) এবং তার ছেলে মিরাস উদ্দিন (২৪)।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে শুকুর মাহমুদ তার জমিতে কাজ করতে গিয়েছিলেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও বাড়িতে না ফেরায় ছেলে মিরাস উদ্দিন বাবাকে খুঁজতে বের হন।

Image
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

জমিতে গিয়ে বাবাকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে টেনে তোলার চেষ্টা করলে ছেলে মিরাস উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দেখা গেছে ওখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ছিল তার বাবা।

পরে এলাকাবাসী বাবা-ছেলেকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কেউ কোন অভিযোগ করেননি বলেও জানান ওসি।