ঈশ্বরদীর সড়কে বাইক আরোহী ৩ বন্ধু নিহত
পাবনার ঈশ্বরদীর সড়কে ঝরে গেল বাইক আরোহী তিন বন্ধুর প্রাণ।
তিন যুবকই একটি মোটর সাইকেলে ছিলেন। বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে এর ধাক্কা লাগে।
ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের জয়নগর শিমুলতলা মোড়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানিয়েছেন।
নিহতদের দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন, ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের লালন হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (২৫) এবং জহুরুল ইসলামের ছেলে জয় ইসলাম (২৭)।
স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে পাকশীর দিকে যাচ্ছিল। শিমুলতলা মোড়ে একটির সঙ্গে বিপরীতমুখী মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. সাকিব হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
