তিন জনকে আটকের পর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
তিন ব্যক্তিকে আটক করার পর যশোরের শার্শায় এক যুবকের বস্তাবন্দি লাশ পাওয়া গেছে, যিনি ছয় দিন আগে নিখোঁজ হয়েছিলেন।
বুধবার উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের একটি জঙ্গলে লাশটি পাওয়া যায়।
নিহত ইসরাফিল হোসেন (৩৭) কাশিয়াডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে।
আটকরা হলেন কাশিয়াডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী মর্জিনা খাতুন (৩৫), আহম্মদ তরফদারের ছেলে মোশারেফ হোসেন (৪৫) ও নুর মোহাম্মদের ছেলে আলম হোসেন (৪০)।
নিহতের স্ত্রী রোজিনা খাতুন বলেন, শুক্রবার রাত ৮টার দিকে তার স্বামী রাতের খাবার খেয়ে তাদের ঘুমানোর কথা বলে বাড়ির বাইরে যান। তারপর আর ফিরে আসেননি।
বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে লুঙ্গি এবং গায়ে গামছা ছিল। আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুজি করে না পেয়ে রোববার থানায় জানান।
শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, স্বামীকে খুঁজে না পাওয়ার কথা জানিয়ে রোববার ইসরাফিলের স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
“এ ব্যাপারে তিন জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী লাশটি উদ্ধার করা হয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশটি যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম বলেন, “শার্শা থানায় দায়ের করা সাধারণ ডায়েরির পরিপেক্ষিতে আমরা তদন্ত শুরু করি এবং ইসরাফিলের হত্যাকারী হিসেবে একজনকে আটক করি। তার স্বীকারোক্তির ভিত্তিতে অন্য দুই সহযোগীকে আটক করা হয়।”
তাদের দেখানো স্থান থেকে কাশিয়াডাঙ্গা গ্রামের মল্লেপাড়ার একটি জঙ্গলের কবরস্থান থেকে লাশ উদ্ধার করেন বলে তিনি জানান।
নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, “ডিবির অনুসন্ধানে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি চাঞ্চল্যকর হত্যার ঘটনা উদঘাটন করতে পেরেছি।”
