২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরীমনির মুক্তির অপেক্ষায় কারা ফটকে ভিড়, ‘পায়নি কাগজ’

চিত্রনায়িকা পরীমনি মাদক মামলায় জামিনে মুক্তি পাবেন আশায় কাশিমপুর কারা ফটকে ভিড় দেখা গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2021, 06:38 PM

Updated : 10 Oct 2022, 06:14 PM

মঙ্গলবার বিকেল থেকেই তারা কারা ফটকে অপেক্ষা করতে থাকেন। তবে ‘এদিন মুক্তির সম্ভবনা নেই’ বলে জানিয়েছেন এক কারা কর্মকর্তা।

স্থানীয় সাংবাদিক রাজীব সরকার জানান, মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালত থেকে জামিন পাওয়ার খবর পেয়ে মঙ্গলবার দুপুর থেকেই স্থানীয় জনতা ও সাংবাদিকরা কাশিমপুর কারা ফটকে জড়ো হতে থাকেন।

“বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার জামিনের কোনো কাগজ আসেনি এবং তার স্বজনদের কাউকে কারাফটকে দেখা যায়নি।”

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সুপার হালিমা আক্তার জানান, বিভিন্ন মিডিয়ার লোকজনের কাছ থেকে তার জামিনের খবর শুনলেও মঙ্গলবার বিকেল ৬টা পর্যন্ত জামিনের কোনো কাগজপত্র কারাগারে পৌঁছেনি।

“যেহেতু জামিনের কোন কাগজ হাতে পাইনি তাই অফিসিয়ালী পরীমনিকেও তার জামিনের খবর জানানো হয়নি।”

সন্ধ্যায় পরীমনির এক আইনজীবী মুক্তির আশা ব্যক্ত করলেও এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কোন জামিনের কাগজ কারাগারে পৌঁছেনি বলে এদিন তার মুক্তির সম্ভবনা নেই বলে জানিয়েছেন এক কারাকর্মকর্তা।

গত ৪ অগাস্ট ঢাকার বনানীতে পরীমনিকে তার বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়।

এ মামলায় তিন দফায় সাত দিন রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ অগাস্ট পরীমনিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানোর আদেশ দেন।