ফেনীর সেই মাদ্রাসা অধ্যক্ষের ‘ধর্ষণের কথা বাবাকে বলে দেবে বলায় খুন’
ধর্ষণের কথা বাবাকে বলে দেওয়ার হুমকি দেওয়ায় শিশু ছাত্রকে খুন করার আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ফেনীর সেই মাদ্রাসা অধ্যক্ষ মোশারফ হোসেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত আরাফাত হোসেন (১০) ফেনীর সোনাগাজী উপজেলা চরমজলিশপুর ইউনিয়নের ছয়আনি গ্রামের প্রবাসী ফানা উল্লাহর ছেলে। সে সোনাগাজীর চরলক্ষীগঞ্জ সামছুল হক (রহ.) হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার হোস্টেলে থেকে হেফজ বিভাগে কুরআন মুখস্থ করত।
আরাফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা দাগনভূঞা থানার উপ-পরিদর্শক জুয়েল হোসেন জানান, সামছুল হক (রহ.) হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম (অধ্যক্ষ) মোশারফ হোসেনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির বিবরণ তুলে ধরেন।
মোশারফ হোসেন (৪২) দীর্ঘদিন ধরে মাদ্রাসায় মুহতামিমের দায়িত্ব পালন করছেন। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
চার দিনের রিমান্ড শেষে গত ২৬ অগাস্ট বিকেল থেকে প্রায় ৬ ঘণ্টা ধরে অধ্যক্ষ মোশারফ হোসেন ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এ জবানবন্দি দেন।
এ জবানবন্দির বিবরণ দিয়ে গিয়ে জুয়েল হোসেন বলেন, ২০১৯ সালে হেফজ বিভাগে ভর্তি হওয়া শিশু আরাফাতকে দেড় বছরে পাঁচবার ধর্ষণ করেছেন।
গত ২১ অগাস্ট রাতে ষষ্ঠবারের মতো ধর্ষণ করায় এ ঘটনা তার বাবাকে বলে দেওয়ার হুমকি দেয় আরাফাত। এ সময় মোশারফ ডান হাত দিয়ে আরাফাতের দুই হাত চেপে ধরে বাম হাত দিয়ে গলা টিপে হত্যা করেন। সেই রাতেই তার লাশ মাদ্রাসার পাশে ডোবায় ফেলে দেন মোশারফ।
ডোবার পাশে এক জগে আরাফাতের জুতা ও লুঙ্গি লুকিয়ে রেখে সেখান থেকে চলে এসে ফজর নামাজেও ইমামতিও করেন অধ্যক্ষ মোশারফ।
অধ্যক্ষ মোশারফ হোসেন জবানবন্দিতে আরও জানান, ২০১১ সালে তিনি শিক্ষক হিসেবে মাদরাসায় যোগ দেন এবং ২০১৪ সালে অধ্যক্ষের দায়িত্ব পান। তখন থেকে তিনি অন্তত ৩০ জন ছাত্রকে ধর্ষণ করেন। এদের মধ্যে ৬-৭ জন ছাত্র এখনো মাদরাসায় রয়েছে। তাদেরকে তিনি প্রায়ই ধর্ষণ করেন।
আরাফাত হত্যা মামলায় এক নম্বর আসামি গ্রেপ্তার ১১ বছর বয়সী অপর মাদ্রাসাছাত্র মোশারফের মামাতো ভাই। তাকেও গত তিনমাসে সাতবার ধর্ষণ করেছেন স্বীকার করে এই অধ্যক্ষ আদালতে বলেছেন, ১১ বছর বয়সী ওই মাদ্রাসাছাত্রকে তার শেখানো মতে হত্যার দায় নিতে বাধ্য করেছিলেন।
মোশারফ হোসেন জবানবন্দিতে মাদরাসার অপর শিক্ষক তার এসব কর্মকাণ্ড সম্পর্কে জানতেন। ওই শিক্ষকও ছাত্রদের ধর্ষণ করতেন বলে জবানবন্দিতে দাবি করেছেন মোশাররফ বলে পুলিশের উপ-পরিদর্শক জুয়েল হোসেন জানিয়েছেন।
ফেনীর পুলিশ সুপার খন্দকার নূরুন্নবী বলেন, “মাদ্রাসার মুহতামিম মোশারফ হোসেন চালাক। সে প্রথমে নিহত আরাফাতের এক সহজ সরল সহপাঠীকে হত্যার দায়ে শিখিয়ে পুলিশের কাছে উপস্থাপন করে নিজে বাঁচতে চেয়েছিল। পুলিশকে নানাভাবে বিভ্রান্তের চেষ্টা করেছিল। পরে রিমান্ডে আরাফাত হত্যাকাণ্ডের নির্মমতার ঘটনা স্বীকার করে।”
দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, আরাফাত হত্যার মামলায় মাদ্রাসার অধ্যক্ষ মোশারফ হোসেন ছাড়াও আরও দুই শিক্ষক সহকারী শিক্ষক আজিম উদ্দিন (৩৩) এবং নুর আলী আরাফাত (২৩) গ্রেপ্তার করা হয়। পরে তাদের তিন দিন করে পুলিশের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এছাড়া এ মামলায় গ্রেপ্তারকৃত ১১ বছর বয়সী ওই ছাত্রকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
গত ২২ অগাস্ট দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের এক ডোবা থেকে মাদ্রাসা ছাত্র আরাফাত হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন এ হত্যার ঘটনায় মামলা করেন তার বাবা।
