কোভিড: নেত্রকোণায় এক মিনিটে দুই টিকা
নেত্রকোণার মোহনগঞ্জে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিতে আসা এক যুবককে এক মিনিটের ব্যবধানে পরপর দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
জজ মিয়া (৩৯) মোহনগঞ্জ পৌর শহরের আল মবিন রোডের বাসিন্দা। শহরে তার একটি মুদি দোকান আছে।
গত ২৭ জুলাই তিনি টিকার প্রথম ডোজ নেন বলে জানান।
জজ মিয়া বলেন, সকালে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে টিকা নিতে যান। টিকা দানকারী স্বাস্থ্যকর্মী প্রথমে ডান হাতে টিকার একটি ডোজ পুশ করেন।
“এরপর তিনি সেখানেই চেয়ারে বসা ছিলেন। মিনিটখানেক পরে আবারও একই স্বাস্থ্যকর্মী তার ডান হাতের একই স্থানে আরেক ডোজ টিকা দিয়ে দেন।”
জজ মিয়া বলেন, “আমি কিছু বুঝে ওঠার আগেই আমার হাতে দ্বিতীয় টিকা পুশ করে দেন। পরে আমি বাসায় ফিরে যাই।”
তিনি বলেন, কিছু সময়ের মধ্যে বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে ওঠে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে আবার ডেকে নেওয়া হয়।
“সেখানে চিকিৎসকেরা আমার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তারা বলেছেন, শরীরে যদি জ্বর আসে বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে হাসপাতালে যেন যোগাযোগ করি।”
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মোহাম্মদ শামছুল আলম বলেন, “ঘটনার তদন্তে কমিটি গঠন করা হবে। ওই মুদি দোকানিকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।”
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। শিগগিরই হাসপাতাল পরিদর্শনে যাব। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগেও কয়েকটি স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে।
