ডাকাতির প্রস্তুতির অভিযোগে টঙ্গীতে ২ যুবক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে টঙ্গী পশ্চিম থানার মিত্তিবাড়ি শ্মশান ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. বাবু ওরফে বুক-কাটা বাবু (২৬) ও সজীব ওরফে কেরান্সি সজীব (২৪)।
টঙ্গী থানার ওসি মো. শাহ আলম জানান, মিত্তিবাড়ি শ্মশান ঘাট এলাকায় রোববার রাতে ডাকাত দলের ৭/৮ জন সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে - এমন খবর পেয়ে পুলিশ অভিমান চালায়।
গ্রেপ্তার ডাকাত দলের দুই সদস্য সজীব ও বাবুর কাছ থেকে চাপাতি, ছোরা, হ্যাকসো ব্লেড ও হাতুড়ি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
