ফেনীতে প্রবাসী হত্যা: স্ত্রী তিন দিনের রিমান্ডে
ফেনী শহরে দুবাই প্রবাসীকে হত্যার মামলার আসামি নিহতের স্ত্রীকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, বিকেলে ফেনীর সিনিয়র জুডিসিলায় ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খাঁনের আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
গ্রেপ্তার রোকেয়া আক্তার শিউলি (২৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতি ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে নিহত সোহেল পারভেজের (৩৫) স্ত্রী।
এর আগে রোববার এক সংবাদ সম্মেলন করে র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ্ আল জাবের ইমরান জানান, ফেনী শহরের দুবাই প্রবাসী সোহেলকে হত্যার পরপরই শুক্রবার সকালে আসামি শিউলী ট্রেনে চট্টগ্রামের ফটিকছড়ি যান।
সারা দিন সেখান থেকে রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। ভোর সাড়ে ৩টায় কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় তার চাচার বাসায় আত্মগোপন করে শিউলী। খবর পেয়ে শনিবার সন্ধ্যায় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিউলির দুই সন্তান রিহান (৭) ও জান্নাতকে (৪) মায়ের সঙ্গে নিয়ে আসা হয়।
পরে শিউলীর দেওয়া তথ্যে ফেনী শহরের সুফি ছদর উদ্দিন সড়কের কুচুরিপানার ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা বঁটি উদ্ধার করা হয়। এছাড়া বাড়ি থেকে নিয়ে যাওয়া টাকা ও স্বর্ণাঙ্কার উদ্ধার করে র্যাব।
তবে শিউলীর ব্যবহার করা দুটি মোবাইল ফোন পর্যালোচনা করে তার ‘পরকীয়ার কোনো প্রমাণ পায়নি’ র্যাব।
স্কোয়াড্রন লিডার আরও জানান, সোহেলের সাথে কোনো এক নারীর বিয়ে বহির্ভূত সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার রাতে এই পরকীয়া নিয়ে তাদের তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে সোহেল শিউলীকে মৌখিকভাবে তালাক দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে বঁটি এনে সোহেলের ঘাড়ে কোপ মারে শিউলী। মৃত্যু নিশ্চিত করতে আরও কয়েকটি কোপ মারেন তিনি।
স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ্ আল জাবের ইমরান জানান, রোববার দুপুরে আসামি রোকেয়া আক্তার শিউলিকে ফেনী মডেল থানা পুলিশে হস্তান্তর করে র্যাব।
এর আগে ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় পুত্রবধু রোকেয়া আক্তার শিউলিকে আসামি করে শুক্রবার রাতে ফেনী মডেল থানায় মামলা করেন নিহতের মা নিরালা বেগম।
