গাইবান্ধায় কথিত নিহত যুবককে ২০ মাস পর উদ্ধার
গাইবান্ধায় যাকে অপহরণ করে হত্যার দায়ে মামলা তাকেই ২০ মাস পর জীবিত উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার বিকেলে ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা গাইবান্ধা পিবিআই’র পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান।
তিনি বলেন, “কথিত মৃত ওয়াসিম দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করে আসছিলেন।
উদ্ধারকৃত ওয়াসিম জাহান ওরফে তৌহিদ (২৮) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের দারাজ আলীর ছেলে।
এছাড়া শনিবার বিকালে পিবিআই মিলনায়তনে প্রেস ব্রিফিং এ গাইবান্ধা পিবিআইয়ের পুলিশ সুপার এআরএম আলিফ জানান, রামজীবন ইউনিয়নের ডোমেরহাট সূবর্ণদহ গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জান্নাতি বেগমের সাথে পার্শ্ববর্তী নিজপাড়া গ্রামের ওয়াসিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে জান্নাতি সন্তান সম্ভাবা হন। তখন ২০১৮ সালের ২৭ মে স্থানীয় এক সালিশে তাদের বিয়ে হয়। তাদের একটি মেয়ে জন্মায়।
এ ঘটনায় জান্নতি বেগম বাদী হয়ে ২০১৯ সালে আদালতে মামলা করেন। স্ত্রীর করা যৌতুক ও ভরণপোষণ মামলা থেকে বাঁচতে ওই বছরের ডিসেম্বর মাসে আত্মগোপন করেন ওয়াসিম।
এরপর তার বড়ভাই মানজুমুল হুদা বাদী হয়ে ৮ ডিসেম্বর ওয়াসিমকে অপহরণ করে হত্যা ও গুমের অভিযোগে জান্নাতিসহ তার পরিবারের সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
২০২০ সালের ৩০ জানুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতের বিচারক মামলাটি পিবিআইকে তদন্তভার প্রদান করে।
পুলিশ সুপার আরও বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা পিবিআই’র পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক দীর্ঘ তদন্ত শেষে গত বৃহস্পতিবার গাজীপুর জেলার মোগরখাল এলাকায় এক অভিযান চালান।
অভিযানে ওই এলাকার ‘টিএনজেএড’ নামের এক পোশাক কারখানা থেকে ওয়াসিমকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
