রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি ঝরনায় মুখোশধারীর কবলে ৬ শিক্ষার্থী
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি ঝরনায় যাওয়া ছয় শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়েছে একদল মুখোশধারী।
শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ঢালা এলাকায় এই ঘটনা ঘটে বলে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন।
দুর্বৃত্তের কবলে পড়া শিক্ষার্থীরা হলেন হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকার আনোয়ার হোসেন (২৪), রাকিবুল ইসলাম (২৫), শাহেদ হোসেন (২৪), রিয়াজ উদ্দিন (২১), হামিদ হোসেন (২২) ও মোহাম্মদ আইয়ুব (২১)।
স্থানীয়দের বরাতে এসপি হাসানুজ্জামান বলেন, সকালে পানখালী ঢালায় পাহাড়ি ‘স্বপ্নপূরী ঝরনা’ দেখতে যান স্থানীয় নয়জন শিক্ষার্থী বন্ধু। তারা ঝরনায় গোসলের এক পর্যায়ে একদল মুখোশধারী লোক তাদের ঘিরে ফেলে।
পুলিশ সুপার বলেন, পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি দুর্বৃত্তদের কবলে পড়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পুলিশ ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে।
“ওই শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বাড়িতে চলে গেছেন। ঘটনার ব্যাপারে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, “স্থানীয়দের কাছে খবরটি পাওয়ার পরপরই আমি টেকনাফ থানা পুলিশকে আবহিত করি। পরে পুলিশের একটি দলকে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে খবর পাই ডাকাত দল আটকে রাখা শিক্ষার্থীদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দিয়েছে।”
চেয়ারম্যান রাশেদ আরও বলেন, হ্নীলা ইউনিয়নের পানখালী ঢালা এলাকায় স্বপ্নপূরী নামের ঝরনাটি রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় রয়েছে বেশ কয়েকটি অপরাধ সংঘটনকারী দল।
“রোহিঙ্গা দুর্বৃত্ত দল এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
