২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2021, 10:22 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

বুধবার দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. রুবেল হোসেন (২২) সাগর হত্যা মামলার আসামি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে এ বছরের ১৫ই জুলাই কেরানীগঞ্জের অটোরিকশা চালক সাগরের (২০) সঙ্গে তার বন্ধু শুভ, শামীম ও রুবেলসহ অন্যদের ঝগড়া হয়।

এর জের ধরে ১৭ জুলাই রাতে কদমতলী গোলচত্বর পেট্রোল পাম্পের সামনে গ্রেপ্তার রুবেলসহ অন্য সহযোগীরা অটোরিকশা থেকে নামিয়ে সাগরকে মারধর করে। প্রাণে বাঁচার জন্য পালানোর চেষ্টা করলে রুবেল সাগরের ডান কাঁধ ও কোমরের বাঁয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে দ্রুত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ ঘটনায় নিহতের বাবা জমির আলী (৪৫) বাদী হয়ে দক্ষিণ কেরণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে রুবেলকে গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।