১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

গাজীপুরে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

গাজীপুরে ট্রলারের সঙ্গে সংঘর্ষে নৌকা ডুবে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2021, 03:51 PM

Updated : 07 Apr 2022, 11:30 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন জানান, বুধবার বেলা দেড়টার দিকে জেলেদের জালে অমিত কুমার (৩২) নামে এই চিকিৎসকের লাশ ওঠে।

অমিত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ছিলেন। গাজীপুর শহরের বিলাসপুর এলাকার নন্দদুলাল রায়ের ছেলে তিনি।

মঙ্গলবার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক ও কর্মচারীসহ ১৫-২০ জনের একটি দল নৌকা ভ্রমণে বের হন। রাতে ফেরার পথে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলাই গ্রামে খিরু নদীতে বালুভর্তি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নৌকা ডুবে দুইজন নিখোঁজ হন।

তাদের মধ্যে তানভীর আহমেদ নামে একজনের লাশ ওই দিনই উদ্ধার করা হয়।

ইউএনও সালমা খাতুন বলেন, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা রাত ১২টার দিকে ডুবে যাওয়া নৌকা থেকে তানভীরের মরদেহ উদ্ধার করতে পারলেও অমিতকে পাওয়া যায়নি। বুধবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। পাশাপাশি স্থানীয় জেলেরাও নদীতে জাল ফেলেন। বেলা দেড়টার দিকে ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরে তাদের জালে উঠে আসে অমিতের লাশ।