খুলনা বিভাগে একদিনে কোভিডে আরও ২২ মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ৪৭১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে খুলনায়।
এছাড়া যশোরে ছয়জন, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় তিনজন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৪ হাজার ৭৮১ জনের শরীরে কোভি-১৯ শনাক্ত হয়েছে।
এছাড়া আক্রান্ত ২ হাজার ৮৫১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৮০৭ জন।
এর আগে সোমবার বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছিল। এ সময়ে শনাক্ত হয়েছিল ৩৬৮ জনের।
