রাজশাহীতে কোভিডে এক দিনে ৪ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডে এক দিনে চারজনের মৃত্যু হয়েছে।
একই সময় উপসর্গ নিয়ে আরও পাঁচজন আর কোভিড-পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়।
শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি করা হয়েছে ২৫ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৩ জন। মঙ্গলবার সকাল ৬টায় কোভিড ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ছিল ২৮৯ জন। তাদের মধ্যে আইসিইউতে ছিল ১৯ জন।
পরিচালক জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৫৮ জনের পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে আছে ৮৪ জন। আর কোভিড-পরবর্তী স্বাস্থ্য জটিলতায় নিয়ে চিকিৎসাধীন আছে ৪৮ জন।
সোমবার দুই ল্যাবে রাজশাহী জেলার ৩৪৭ জনের পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ২৭ শতাংশ জানিয়ে শামীম ইয়াজদানী বলেন, তার আগের দিন রোববার ছিল ২৪ শতাংশ। তাছাড়া গত শনিবার ১৯ দশমিক ২৫ শতাংশ, শুক্রবার ২৯ দশমিক ৫২ শতাংশ, বৃহস্পতিবার ২৫ দশমিক ১৫ শতাংশ, বুধবার ২৮ দশমিক ৬৩ শতাংশ এবং মঙ্গলবার ছিল ২৮ দশমিক ৮০ শতাংশ।
