সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ সেনাসদস্য নিহত
সিরাজগঞ্জের কামারখন্দে মহাসড়কে ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই সেনাসদস্য নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নওদা শালুয়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে সেনাবাহিনীর সৈনিক মেহেদী (৩৫) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের শ্যামল দত্তের ছেলে করপোরাল দীপঙ্কর (২২)।
দুর্ঘটনায় চার সেনা সদস্য আহতও হয়েছেন। তারা হলেন- বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি এলাকার আব্দুল মজিদের ছেলে ল্যান্স কর্পোরাল ইমরান (৩০), নরসিংদীর রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সৈনিক মাইনুল ইসলাম (২১) ও সার্জেন্ট ফিরোজ (৩২) ও সৈনিক মেহবুব (২৪)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে নলকা থেকে যমুনা সেতুমুখী সেনাবাহিনীর টহলরত ওই পিকআপের সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কে উপরে উল্টে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত সেনা সদস্যদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মেহেদী ও দীপঙ্কর মারা যান। আহত অন্যদের সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স এসে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে অবস্থিত সেনা ক্যাম্পের হাসপাতালে নিয়ে যায়।
এই সেনা সদস্যরা বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তায় নিয়োজিত সেনা ক্যাম্পের সদস্য। মোট আটজন ওই পিকআপভ্যানে ছিলেন।
