২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাসের চাকায় প্রাণ হারালেন দুই ভাই

যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই ভাই মারা গেছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2021, 06:33 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

সোমবার সকালে মণিরামপুর-সাতক্ষীরা সড়কের সুন্দলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মাঝ লাউড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন (৪৫) এবং তার ছোট ভাই মঈনুদ্দিন (৪০)।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারীরা পালিয়েছে।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, সকালে শাহাবুদ্দিন ও মঈনুদ্দিন মোটরসাইকেলে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন।

“মণিরামপুর-সাতক্ষীরা সড়কের সুন্দলপুর বাজারে মামুন পরিবহনের একটি বাস তাদেরকে সামনে থেকে পিষ্ট করে।”

ঘটনাস্থলে শাহাবুদ্দিন নিহত হন এবং গুরুতর আহত মঈনুদ্দিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের মধুখালীতে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এক প্রত্যক্ষদর্শী মাওলানা ওয়াদুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির বাসটি বাম পাশ থেকে ডান পাশে এসে মোটরসাইকেল আরোহী দুই ভাইকে চাপা দেয়।