রাজশাহীতে কোভিডে ৪ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে কোভিডে চারজনের মৃত্যু হয়েছে; একই সময় উপসর্গ নিয়ে মারা গেছে আরও পাঁচজন। এছাড়া কোভিড-পরবর্তী স্বাস্থ্য জটিলতায় একজনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৩২ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৯ জন। সোমবার সকাল ৬টায় ৫১৩ বেডের বিপরীতে রোগী ছিল ২৯৯ জন। তাদের মধ্যে আইসিইউতে ছিল ২১ জন।
পরিচালক জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৬৬ জনের পজিটিভ। উপসর্গ নিয়ে আছে ৮৭ জন। আর কোভিড-পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন ৪৬ জন।
রোববার দুটি ল্যাবে রাজশাহী জেলার ১৭৫ জনের পরীক্ষায় ৪২ জনের করোনাভাইরাস পাওয়া গেছে জানিয়ে শামীম ইয়াজদানী বলেন, শনাক্তের হার ২৪ শতাংশ। আগের দিন শনিবার ছিল ১৯ দশমিক ২৫ শতাংশ। গত শুক্রবার ছিল ২৯ দশমিক ৫২ শতাংশ। গত বৃহস্পতিবার ২৫ দশমিক ১৫ শতাংশ, বুধবার ২৮ দশমিক ৬৩ শতাংশ, মঙ্গলবার ২৮ দশমিক ৮০ শতাংশ, গত সোমবার ২৩ দমশিক ১০ শতাংশ।
