২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নানা ও মামা শ্বশুরকে নির্যাতন, বাবাসহ জামাই গ্রেপ্তার

ঢাকার সাভারে অন্তঃসত্ত্বা নাতনীকে দেখতে আসা নানা ও মামা শ্বশুরকে বেঁধে নির্যাতনের ঘটনায় বাবাসহ নাত জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 10:10 PM

Updated : 10 Oct 2022, 06:11 PM

বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার ওই নাত জামাই ও তার বাবাকে শুক্রবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

গত মঙ্গলবার এ নির্যাতনের শিকার পঞ্চাশোর্ধ আব্দুল মান্নান ও শহীদ মোল্লা মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার ধল্লা ইউনিয়নের বাসিন্দা।

গ্রেপ্তাররা হলেন, সাভারের বনগাঁও ইউনিয়নের কাজিপাড়া এলাকার বশির আহমেদ (৬০) এবং তার ছেলে আবুল কালাম (২৮)।বশিরের অপর ছেলে সালাম (২৫) পলাতক রয়েছেন।

এ ঘটনায় জামাইসহ তিনজনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার বরাত দিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজিউর রহমান বলেন, প্রায় এক বছর আগে সিঙ্গাইর উপজেলার খাসেরচর এলাকার সোনিয়ার সাথে গ্রেপ্তার আবুল কালামের বিয়ে হয়। বিয়ের সময় দেনমোহর ও যৌতুকের টাকা নিয়ে বিবাদের দুই পরিবারের মাঝে সম্পর্কে ভাটা পড়ে।

সোনিয়া গর্ভবতী হলে সাভারের ওই এলাকায় বশিরের বাড়িতে নাতনীকে আনতে যান নানা আব্দুল মান্নান ও মামা শহিদ মোল্লা। এ সময় তাদের হাত বেঁধে নির্যাতন করেন তারা বলেন তিনি।

নির্যাতনের শিকার আব্দুল মান্নান জানান, প্রায় ১০ বছর আগে সোনিয়ার বাবা সৌদি আরবে মারা যান।

“এরপর থেকে সে আমাদের কাছেই বড় হয়েছে। পারিবারিক ভাবে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়াই আমাদের কাল হল।”

তিনি জানান, গত মঙ্গলবার অন্তঃসত্ত্বা নাতনীকে দেখতে আসলে জামাইয়ের পরিবারের সদস্যরা তাদের নির্যাতন করেন।

“দুই হাত পিছমোরা করে বেঁধে নির্যাতন করে এবং মোবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নেয়। পেরে নির্যাতনের ছবি ও ভিডিও আমার ছেলের মোবাইলের ইমোতে পাঠিয়ে ১০ লাখ টাকা দাবি করে।

“ছেলে ৯৯৯ এ কল করলে পুলিশ গভীর রাতে আমাদের উদ্ধার করে।”