২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় এক রশিতে ঝুলন্ত দুই বন্ধুর লাশ

গাইবান্ধা সদরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 06:39 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

বৃহস্পতিবার দুপুরে বোয়ালী ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুর মাঝিপাড়া গ্রামের ঘাটালের ভিটায় তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন মৃণাল দাশ (২৪) ও সুমন চন্দ্র দাস (২৩)।

মৃণাল পার্শ্ববর্তী বাদিয়াখালি ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের রামচন্দ্র দাশের ছেলে এবং সুমন পাঠানডাঙ্গা মাঝিপাড়া গ্রামের মিঠা সাধু চন্দ্র দাশের ছেলে। দুই বন্ধু এলাকায় মাছের ব্যবসা করতেন।

গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, মৃণাল ও সুমন দুইদিন আগে ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা এলাকায় একটি আমগাছে এক রশিতে দুজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

“সদর থানা পুলিশ লাশ দেখে রংপুরে পুলিশের ক্রাইম টিমকে খবর দেয়। তারা এসে লাশ উদ্ধার করে।”

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশের ক্রাইম টিম তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

“মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, তিন ব্যক্তির ছবি, ছুরি, কাঁচি, দুটি মাস্ক ও রুমাল উদ্ধার করা হয়েছে।”