২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় হেরোইনসহ ২ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে তিন কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তি আটক হয়েছেন, যাদের ‘মাদক ব্যবসায়ী’ বলছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাইবান্ধার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2021, 09:43 PM

Updated : 10 Oct 2022, 06:11 PM

গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বৈরি হরিণাবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আচুয়াহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে আল আমিন (২২) এবং মাটিকাভাটা গ্রামের আমিনুল ইসলামের ছেলে নয়ন (২০)।

বুধবার দুপুরে গণমাধ্যমে দেওয়া র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল বৈরি হরিণাবাড়ি এলাকায় অবস্থান নেয়। এসময় রাজশাহী থেকে আসা রংপুরগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তিন কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ দুই ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ‘মাদক ব্যবসায়ী’ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

তারা নিয়মিতভাবে বিভিন্ন যানবাহনযোগে রাজশাহী থেকে মাদকদ্রব্য গাইবান্ধা ও রংপুরসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিলেন বলে বশির জানান।

এ ঘটনায় বুধবার পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।