যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে ঝিকরগাছা-বাঁকড়া সড়কের বল্লা কোলনিপাড়া এলাকায় পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়।
নিহত জোহর আলী (৫৫) ও তার ছেলে আক্তারুজ্জামান (৩০) উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ছেলেসহ জোহর আলী মোটরসাইকেলে ঝিকরগাছায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বাঁকড়াগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জোহর আলীকে মৃত ঘোষণা করেন।
ছেলে আক্তারুজ্জামানকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, পিকআপ ফেলে চালক পালিয়ে যায়। পিকআপটি পুলিশ থানায় নিয়েছে।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
