২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা প্রয়োগ

কোভিড মহামারী দমনের লক্ষ্যে শুরু হওয়া গণটিকাদান কর্মসূচির প্রথম দিনে শনিবার গোপালগঞ্জে শতভাগের বেশি লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 11:31 AM

Updated : 07 Apr 2022, 11:28 PM

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এসএম সাকিবুর রহমান জানান, জেলায় ৪২ হাজার ২০০ জনকে টিকা দানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আর টিকা নিয়েছেন ৪২ হাজার ৩৯৮ জন।

“টিকা গ্রহণের শতকরা হার ১০০ দদশমিক ৪৬ শতাংশ।”

এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১২ হাজার ২০৬ জন, গোপালগঞ্জ পৌরসভায় ১ হাজার ৯৬৮ জন, টুঙ্গিপাড়ায় ৩ হাজার, কোটালীপাড়ায় ৭ হাজার ২৭৮ জন, কাশিয়ানীতে ৮ হাজার ৩ ৯৮ জন, মুকসুদপুরে ১০ হাজার ১৫২ জন টিকা নিয়েছেন বলে জানান তিনি।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, তাদের কাছে ১ লাখ ২০ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা মজুদ ছিল। এ অবস্থায় শনিবার জেলার ৫ উপজেলার ৬৭টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার ৭৮টি কেন্দ্রের ২১৬টি বুথে গণটিকা প্রয়োগ করা হয়।

টিকাদান কর্মসূচি সফল করতে ৪৩২ জন টিকা কর্মী ও ৬৮৪ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া মাইকিং ও মসজিদ-মন্দির সহ জনগুরুত্বপূর্ন স্থানে প্রচার প্রচারণাও চালানো হয়।

তিনি বলেন, “সকাল ৮টার মধ্যে টিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কর্মীরা টিকা কেন্দ্রে পৌঁছে যান। ৯টা থেকে উৎসবের আমেজে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিটি কেন্দ্রেই টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড় ছিল। আমরা বয়স্ক নর-নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে টিাকা দিয়েছি।”

যারা এ দিন টিকা নিতে পারেননি, তাদের পরে দেওয়া হবে বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা।

গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান এম সুপারুল আলম (টিকে) বলেন, টিকা গ্রহণে গ্রামের মানুষের মধ্যে উৎসাহ উদ্দিপনা ছিল ব্যাপক। টিকা কেন্দ্রে গিয়ে তারা লাইনে দাঁড়িয়ে আগ্রহভরে টিকা নিয়েছেন। বেলা ২টার পরে যারা কেন্দ্রে এসেছেন তারা টিকা নিতে পারেননি। তার আগেই টিকা শেষ হয়ে যায়।

গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী গ্রামের নওশের কাজী বলেন, “দুপুর ১ টার পরে টিকা কেন্দ্রে গিয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু টিকা শেষ হয়ে গিয়েছিল; তাই টিকা নিতে পারিনি।”

প্রথম ধাপের গণটিকা কার্যক্রম সফল হয়েছে জানিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন, প্রতিটি ধাপের টিকাদান সফল করতে তাদের চেষ্টা অব্যাহত থাকবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় শতভাগেরও বেশি টিকা প্রয়োগ করা সম্ভব হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব হবে।