২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: বেনাপোলে প্রথম দিন প্রায় ৭ হাজার টিকা প্রদান

সারাদেশে কোভিড টিকাদান কর্মসূচির প্রথম দিন যশোরের শার্শা উপজেলায় ছয় হাজার ৮৬৪ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 06:38 PM

Updated : 10 Oct 2022, 06:10 PM

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ছয় দিনে ৩২ লাখ মানুষকে টিকা দিতে গণটিকাদান কর্মসূচি চলছে দেশজুড়ে।

শনিবার সকাল ৯টায় দেশের ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়; চলে বিকাল ৩টা পর্যন্ত।

ইউনিয়ন পর্যায়ের এই আয়োজনে যশোরের শার্শার ব্যাপক সংখ্যক মানুষ উৎসবের আমেজে টিকাদান কর্মসূচিতে অংশ নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান বলেন, শার্শা উপজেলায় টিকা পেতে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৩২ হাজার জন, যার মধ্যে শনিবার বেলা ৩টা পর্যন্ত ৬ হাজার ৮৬৪ জনকে কোভিড-১৯ ভ্যাকসিন [টিকা] দেওয়া হয়েছে। 

শনিবার সরেজমিন শার্শার বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া হাইস্কুলের টিকাদান কেন্দ্রে দেখা যায়, সেখানে যেন উৎসব চলছে। মানা হচ্ছে না সামাজিক কিংবা শারীরিক দূরত্ব। টিকা প্রত্যাশীরা একে অপরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে লাইনে দাঁড়াচ্ছেন। কার আগে কে টিকা নেবে এ নিয়ে এক রকম প্রতিযোগিতা চলছে। আর এত বিপুলসংখ্যক মানুষকে টিকা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ সদস্য আলমগীর হোসেন (৬০) বলেন, "ছোটবেলায় অনেক টিকা নিছি। তখন তো টিকা নিলি অনেক কষ্ট হতো-ঘা হয়ে যেত, ৮/১০ দিন ভুগতি হতো। আজকে টিকা নিলাম তা তো কিছুই বুঝতি পারলাম না।"

পিঁপড়াগাছির আব্দুর রহমান (৩০) বলেন, “করোনার টিকা নিয়ে আমাদের ভুলভাল বুঝিয়ে রাখা হয়েছিল। এখন বুঝিছি ওসব গুজব। টিকা দিয়ে খুব ভালো লাগছে।” 

টিকাদান কেন্দ্রে দায়িত্বরত বাগআঁচড়া আইসির পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, সকাল থেকেই টিকাদান কার্যক্রম চলছে। জনসাধারণের মাঝে ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উৎসাহ নিয়ে শৃঙ্খলার সাথে সবাই টিকা গ্রহণ করছেন। পাশাপাশি কিছু স্থানীয় স্বেচ্ছাসেবক সহযোগিতা করছেন; শৃঙ্খলা সামাজিক দূরত্ব বজায় রাখতে তারা কাজ করে যাচ্ছেন। 

বাগআঁচড়া ইউনিয়নের স্বাস্থ্যসেবিকা শাহানা পারভীন বলেন, প্রতিটি বুথে দুইজন টিকাদান কর্মী ও একজন স্বেচ্ছাসেবী কাজ করছেন। ইউনিয়নের তিনটি বুথে মোট নয়জন। একজন সুপারভাইজার ও একজন মেডিকেল অফিসার তিন বুথ দেখাশুনা করছেন।

টিকাদান কর্মসূচির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী প্রমুখ।