রংপুরে বৃদ্ধাকে ‘কুপিয়ে হত্যা’, গ্রেপ্তার ৩
রংপুরের জমির বিরোধে এক বৃদ্ধাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
নিহত মতুবা খাতুন (৬০) মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ কবিরাজপাড়া গ্রামের আইয়ুব আলী কবিরাজের স্ত্রী।
এলাকাবাসী জানায়, ১০ শতক জমি নিয়ে আইয়ুব আলী কবিরাজের সাথে প্রতিবেশী বাঘ সুলতানের বিরোধ চলছে।
গত শুক্রবার আইয়ুব আলী ও তার স্ত্রী মতুবা খাতুন ওই জমিতে চারা রোপন করতে যান। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।
প্রতিপক্ষের কোদালের আঘাতে মতুবা খাতুন গুরুতর আহত হন। এলাকার লোকজন মতুবাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের জামাতা মজিবর রহমান আট জনকে আসামি করে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
