কক্সবাজারে খালে মাছ ধরতে গিয়ে তিন যুবকের মৃত্যু
কক্সবাজারে ভারী বর্ষণের মধ্যে খালে মাছ ধরতে গিয়ে ভেসে যাওয়া তিন যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় নবগঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও খালের গরুর হালদা এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে রামু ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান।
নিহতরা হলেন, নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ার মোহাম্মদ শাহজাহানের ছেলে ওমর ফারুক (২৩), মোহাম্মদ মোরশেদ (১৫) এবং তাদের ভাগিনা দেলোয়ার হোসেন (১৬); দেলোয়ারের বাবা নুরুল আবছার।
সৌমেন বড়ুয়া বলেন, সকালে প্রবল বৃষ্টির মধ্যে জাল নিয়ে ঈদগাঁও খালে নামে দরগাহ পাড়া পাঁচ যুবক। এদের মধ্যে তিনজন ভেসে যায়।
এ ঘটনা জানাজানি হলে বিপুল সংখ্যক মানুষ ঘটানাস্থলে জড়ো হয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে রামু ফায়ার স্টেশনের একটি দল উদ্ধার কাজে যোগ দেয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া এ কর্মকর্তা জানান, দুইটা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার করা সম্ভব না হওয়ায় চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়।
বিকাল ৪টায় রামু ফায়ার সার্ভিসের উদ্ধার দলের পাশাপাশি চট্টগ্রামের ‘প্রদীপ ডুবুরি দলের’ সদস্যরাও উদ্ধার অভিযানে নামে। তাদের দেড় ঘণ্টা চেষ্টার পর বিকাল সাড়ে ৫টায় ঘটনাস্থলের কিছুদূরের দুইটি স্থান থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলেন তিনি।
