২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্বামী হত্যা: এক যুবকসহ স্ত্রী গ্রেপ্তার

গাজীপুরে স্বামীকে হত্যার অভিযোগে ‘প্রেমিকসহ’ স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2021, 06:45 PM

Updated : 07 Apr 2022, 11:22 PM

রোববার গ্রেপ্তারদের জবানবন্দী গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে কাশিমপুর থানার ওসি মাহবুব-এ খোদা জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন, কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বড়াই কান্দি গ্রামের শুকুর আলী দেওয়ানীর মেয়ে রুপালী খাতুন (২৫) এবং জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নীলেরচর গ্রামের নজরুল ইসলাম সরকারের ছেলে মোহাম্মদ সুজন মিয়া (১৯)।

নিহত স্বামী জাহিদুল ইসলাম (৩০) কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চর বোয়ালমারী গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ওসি মাহবুব জানান, এলাকাবাসীর কাছ থেকে লাশ পচা গন্ধের খবর পেয়ে কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় নির্মাণাধীন এক বাড়ি থেকে গত শুক্রবার দুপুরে জাহিদুলে লাশ উদ্ধার করে পুলিশ। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুড়িগ্রাম এবং জামালপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিহতের স্ত্রী রুপালী খাতুন এবং তার প্রেমিক মোহাম্মদ সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ উত্তর) জাকির হাসান জানান, ভিকটিম জাহিদুল ইসলাম স্ত্রীকে নিয়ে কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জাহিদুল নরসুন্দর এবং তার স্ত্রী পোশাক শ্রমিক ছিলেন।

প্রায় নয় মাস আগে গ্রামের বাড়ি যাওয়ার পথে অন্যপথের গাড়িতে উঠে পড়েন রুপালী। শেরপুর পৌঁছে বাস থেকে নামার পর সুজনের সাথে দেখা হয় তার। তাকে পরিস্থিতি জানালে সুজন রুপালীকে কুড়িগ্রামের বাসে তুলে দেন। তখন থেকে তারা সখ্য হয়ে ওঠেন। পরে পরকীয়ায় রূপ নেয় বলেন পুলিশ কর্মকর্তা।

মোবাইল ফোনে রুপালীর সাথে সুজনের ৮ থেকে ৯ মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল জানিয়ে তিনি বলেন, এক পর্যায়ে স্বামীর কাছে এ সম্পর্ক ফাঁস হয়ে যায়।

এ অবস্থায় বেশ কয়েকবার স্বামী জাহিদুলকে ফেলে রুপালী সুজনের কাছে জামালপুরের গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। এসব নিয়ে দাম্পত্য কলহের জেরে রুপালী তার স্বামী জাহিদুলকে হত্যার করে সুজনের সাথে সংসার পাতার পরিকল্পনা করেন।

গত ৬ জুলাই রাত ১১টার দিকে জাহিদুল বাসায় ফেরেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুপালী দুধের সাথে ঘুমের ওষুধ মিশেয়ে তাকে খাওয়ান। রাত ১টার দিকে সুজন ঘুমন্ত জাহিদের হাত-পা চেপে ধরে এবং রুপালী তার স্বামীর উপরে উঠে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

দুজনে মিলে মৃতদেহটি নিয়ে ওই বাড়ি থেকে প্রায় ২০ গজ দূরে নির্মাণাধীন বাড়ির এক কক্ষে বালি চাপা দেন।

কিন্তু রূপালী তার শ্বশুরবাড়ির লোকজনকে জানান জাহিদুল ঢাকায় যাওয়ার কথা বলে নিখোঁজ হয়েছেন বলে এ পুলিশ কর্মকর্তা।