২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিভাগে কোভিডে আরও ৫১ মৃত্যু

খুলনা বিভাগে কোভিডে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৫১ জন প্রাণ হারিয়েছে। এক হাজার ৩৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2021, 05:55 PM

Updated : 10 Oct 2022, 06:07 PM

রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য দিয়েছেন।

এর আগের দিন বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ৫৩৯ জনের কোভিড শনাক্ত হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৯ জন মারা গেছে খুলনা জেলায়। কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৬ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, বাগেরহাটে ৩ জন এবং সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুরে এক জন করে মারা গেছেন।

তিনি আরও জানান, কোভিড সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০টি জেলায় মোট শনাক্ত হয়েছে ৮১ হাজার ৪২১ জনের দেহে। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩২৩ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক কোভিড-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় কোভিড শনাক্ত হয়েছে ৩৯৪ জনের; নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় কোভিড শনাক্ত হয়েছে ২১ হাজার ২২৫ জনের। মারা গেছেন ৫০৬ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৭৬ জন।

এদিকে, শয্যা সংকটের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১৩০ শয্যার ডেডিকেটেড কোভিড হাসপাতাল ২০০ শয্যায় উন্নীত করা হয়েছে। একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে নতুন সেন্ট্রাল অক্সিজেন ট্যাংক।

রোববার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান এ তথ্য জানিয়ে বলেন, খুলনায় বতর্মানে তিনটি সরকারি ও একটি বেসরকারি হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা চলছে। এই চারটি হাসপাতালে শয্যা রয়েছে ৪৭৫টি।

এর মধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ২০০টি, জেনারেল হাসপাতালে ৮০টি, আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫টি এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০টি শয্যা রয়েছে।

এছাড়া এই চার হাসপাতালের মধ্যে ২টি সরকারি হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে রয়েছে ৪০টি আইসিইউ শয্যা। এর মধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ২০টি এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউ শয্যা রয়েছে।

খুলনার ২০০ শয্যা ডেডিকেটেড কোভিড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে রোববার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ২০৬ জন; যার মধ্যে রেড জোনে ১৪১ জন, ইয়ালো জোনে ২৬ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।