২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানায় শ্রমিকদের কোভিড টিকা রোববার থেকে

গাজীপুরে পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের করোনাভাইরাস টিকা প্রদান শুরু হচ্ছে রোববার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2021, 09:07 PM

Updated : 02 Aug 2022, 06:06 PM

প্রথম পর্যায়ে স্থানীয় চারটি পোশাক কারখানার শ্রমিকরা সরাসরি কারখানায় থেকে টিকা নিতে পারবেন বলে জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান।

ডা. খায়রুজ্জামান জানান, রোববার সকালে পোশাক শ্রমিকদের টিকা প্রদান কার্যক্রম গাজীপুরে উদ্বোধন করা হবে। এই দিন গাজীপুর মহানগরের তুসুকা ডেনিম, তুসুকা ট্রাউজার, স্প্যারো এপারেলস ও রোজ ভ্যালী এই চার পোশাক কারখানার শ্রমিকদের (যাদের বয়স কমপক্ষে ১৮ বছর) এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপার মো. আমজাদ হোসেন জানান, এজন্য এসব কারখানা থেকে শ্রমিকদের নাম, বয়স, এনআইডি নম্বরের তথ্য তালিকা সংগ্রহ করা হয়েছে। ঈদের আগে রোববার সকালে এ চার কারখানায় গিয়ে তালিকা মিলিয়ে শ্রমিকদের করোনা টিকা প্রয়োগ করা হবে।

তালিকানুয়ায়ী তুসুকা ডেনিম ও তুসুকা ট্রাউজার কারখানায় ৬ হাজার দুইশ, স্প্যারো পোশাক কারখানার ৪ হাজার এবং রোজ ভ্যালী কারখানার ২ হাজার ৭শ শ্রমিকের তালিকা পাওয়া গেছে বলে তিনি জানান।

গাজীপুর জেলা প্রশাসক ও জেলা কোভিড-১৯ নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এসএম তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সম্মতি নিয়ে রোববার থেকে গাজীপুরে এ ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করা হচ্ছে। ঈদের আগে ১৯ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে।

পরে পোশাক কারখানা ছাড়াও অন্যন্য কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের এ টিকার আওতায় আনা হবে বলে তিনি জানান।

রোববার সকালে কোনাবাড়ি এলাকায় তুসুকা ডেনিম কারখানায় এ কর্মসূচি উদ্বোধন করা হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।