২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুদাম থেকে গেল ‘ভালো’ চাল, ইউনিয়নে পৌঁছল ‘পচা’

কুড়িগ্রামের উলিপুর খাদ্য গুদাম থেকে পাঠানো ‘উন্নত মানের’ চাল হাতিয়া ইউনিয়নে পৌঁছার আগে বদলে ফেলার অভিযোগ উঠেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2021, 11:33 PM

Updated : 10 Oct 2022, 06:07 PM

শুক্রবার এই ঘটনা ঘটে বলে হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান।  

উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে, খাদ্য গুদাম থেকে সরকারি সিল দেওয়া বস্তায় উন্নতমানরে ১৫০ বস্তা চাল গাড়িতে তুলে হাতিয়া ইউনিয়নে পাঠানো হয়েছে।

Image
খাদ্য মন্ত্রণালয়ের সরকারি সিল মোহরযুক্ত উন্নতমানের চালের বস্তা

খাদ্য মন্ত্রণালয়ের সরকারি সিল মোহরযুক্ত উন্নতমানের চালের বস্তা

এদিকে, হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেনের অভিযোগ, তিনি নিম্নমানের খাওয়ার অযোগ্য পচা চাল পেয়ে সেগুলো গ্রহণ না করে ফেরত পাঠিয়েছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া জানান, ঈদ উপলক্ষে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮০৩ মেট্রিক টন ৫৬০ কেজি চাল ভিজিএফ-এর জন্য বরাদ্দ দেওয়া হয়। সে অনুযায়ী হাতিয়া ইউনিয়নে বিতরণের জন্য ৬৩ মেট্রিক টন ২১০ কেজি চাল বরাদ্দ হয়।

“শুক্রবার দুপুরে সরকারি খাদ্য গুদাম থেকে হাতিয়া ইউনিয়নের জন্য ভিজিএফের বরাদ্দকৃত প্লাস্টিক বস্তায় খাদ্য মন্ত্রণালয়ের সরকারি সিল মোহরযুক্ত ৫০ কেজি ওজনের চালের বস্তা প্রতি গাড়িতে ১৫০ বস্তা করে ৬টি গাড়িতে ৯শ বস্তা চাল পাঠানো হয়।”

হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আবুল হোসেন বলেন, সরকারি খাদ্য গুদাম থেকে ভিজিএফের বরাদ্দকৃত চাল ৬টি গাড়িতে ৯শ বস্তা ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

Image
হাতিয়া ইউনিয়ন থেকে নিম্নমানের চালের বস্তা ফেরত পাঠানো হচ্ছে

হাতিয়া ইউনিয়ন থেকে নিম্নমানের চালের বস্তা ফেরত পাঠানো হচ্ছে

“পরিষদের গুদামে চালের বস্তাগুলো নামানোর সময় ৫টি গাড়ির চাল উন্নতমানের হলেও একটি গাড়ির ১৫০ বস্তা চাল প্লাস্টিকের পুরানো বস্তা ও সরকারি সিল না থাকায় সন্দেহ হয়।

“ওই গাড়ির বস্তাগুলোর চাল খুবই নিম্নমানের খাওয়ার অযোগ্য পচা লাল রঙের হওয়ায় তা সরকারি খাদ্য গুদামে ফেরত পাঠাই।”

গাড়িগুলোতে মাত্র দুইজন গ্রাম পুলিশ ছিল উল্লেখ করে তিনি বলেন, “খারাপ চালের বিষয়টি আমি ইউএনও ও খাদ্যগুদাম কর্মকর্তাকে জানিয়েছি। তারা চালের বস্তাগুলো খাদ্য গুদামে ফেরত পাঠাতে বলেছেন। তাই নিম্নমানের চালের বস্তাগুলো ফেরত পাঠিয়েছি।”

ফেরত পাঠানো চাল বহনকারী গাড়ির চালক নাহিদ ইসলাম বলেন, “উলিপুর সরকারি খাদ্য গুদাম থেকে ১৫০ বস্তা চাল হাতিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। এরপর চালগুলো খাবার অযোগ্য হওয়ায় চেয়ারম্যান সাহেব তা নিতে অস্বীকৃতি জানান এবং আমাকে চালের বস্তাগুলো ফেরত নিয়ে যেতে বলেন। তাই ফেরত আনি।”

এ বিষয়ে খাদ্য ব্যবসায়ী ও মিল চাতাল মালিক সমিতির আহবায়ক মাহফুজুর রহমান বুলেট এই বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য বার বার অনুরোধ করেন।

Image
ফেরত পাঠানো বস্তায় নিম্নমানের এই চাল পাওয়া যায়

ফেরত পাঠানো বস্তায় নিম্নমানের এই চাল পাওয়া যায়

নিম্নমানের চালের গাড়িটির ব্যাপারে প্রশাসনের হাত থেকে রক্ষা পেতে কেনো তদবির করেছিলেন কিন তা জানতে চাইলে তিনি বলেন, “খাদ্য ব্যবসায়ীদের নেতা হিসেবে আমাকে এটি করতে হয়েছে।  ব্যবসায়ীদের স্বার্থে করেছি।”

উলিপুর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসি এলএসডি) শাহীনুর রহমান বলেন, “খাদ্য গুদাম থেকে ইউনিয়ন পরিষদগুলোতে বরাদ্দকৃত ভিজিএফের চাল সরবরাহ করা হচ্ছে। গুদাম থেকে ভালো চাল পাঠানো হয়েছে। নিম্নমানের চাল সেখানে কীভাবে পৌঁছল তা আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

১৫০ বস্তা নিম্নমানের চাল ভিন্ন বস্তায় কী করে সেখানে পৌঁছল জানতে চাইলে তিনি বলেন, “চাল গুদাম থেকে বের হয়ে যাওয়ার পর বিষয়টি আমার দেখার দায়িত্ব না।”

ইউনিয়ন পরিষদ থেকে ফেরত পাঠানো নিম্নমানের চাল পেয়েছেন কি না জানতে চাইলে তিনি সদুত্তর না দিয়ে বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না।”

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) আলাউদ্দিন বসুনিয়া বলেন, “এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি। ওসি এলএসডি বিষয়টি সঠিকভাবে বলতে পারবেন। আমি এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।”

Image
খাদ্য মন্ত্রণালয়ের সরকারি সিল মোহরযুক্ত বস্তার উন্নতমানের চাল

খাদ্য মন্ত্রণালয়ের সরকারি সিল মোহরযুক্ত বস্তার উন্নতমানের চাল

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি বলেন, “হাতিয়া ইউনিয়নে খাদ্য গুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহের বিষয়ে চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। আমি ওই চাল ফেরত পাঠাতে বলেছি। খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এ বিষয়ে আমি কথা বলেছি। কোনোভাবেই নিম্নমানের চালের বিষয়টি মেনে নেওয়া হবে না।”

এ ব্যাপারে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “ঘটনা জানার পর ওই ইউনিয়ন পরিষদে সরেজমিন পরিদর্শন করেছি এবং ভিজিএফের ভালো চাল দুস্থদের মাঝে বিতরণ তদারক করেছি।”

কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু বকর বলেন, বিষয়টি তার জানা নেই। খাদ্য গুদামে এরকম হওয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।