গাজীপুরে ‘নির্বাচনী বিরোধের জেরে’ হামলায় আহত তরুণের মৃত্যু
গত ইউনিয়ন পরিষদ ‘নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে’ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় হামলায় আহত এক তরুণের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. মোজাম্মেল হক জানান, মঙ্গলবার হামলায় আহত হওয়া এই তরুণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান।
নিহত এনামুল হক (২২) উপজেলার মধ্যনারগানা এলাকার আব্দুল বাতেনের ছেলে।
পরিদর্শক মোজাম্মেল বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এনামুলকে পিটিয়ে আহত করে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে।
নিহদ এনামুলেল চাচা মো. আলম বলেন, জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান খান ফারুকের পক্ষে প্রচারসহ নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন এনামুল। এ নিয়ে তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মো. খাইরুল আলমের কর্মী-সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারা তাকে বিভিন্ন সময় নানা হুমকি দিয়ে আসছিল।
“মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পর নির্বাচনে বিজয়ী খাইরুল আলমের কয়েক কর্মীজন লোক অতর্কিতে হামলা করে পালিয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে এনামুল মারা যায়।”
একই অভিযোগ করেছেন চেয়ারম্যান পদে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুর রহমান খান ফারুক।
তিনি বলেন, “এনামুল নৌকার পক্ষে আমার কর্মী ছিলেন। প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা তাকে নানা হুমকি দিয়েছিল। ভয়ে এনামুল নির্বাচনে আমার এজেন্ট হননি। নির্বাচনের আগের দিন থেকেই এনামুল জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে বের হতেন না।”
তবে সদ্যনির্বাচিত চেয়ারম্যান খাইরুল আলম অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “এনামুলের ওপর হামলার ঘটনায় জড়িতরা কেউ আমার লোক বা সমর্থক নয়। একটি কুচক্রী মহল নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে আমার ও আমার কর্মীদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। আমি এনামুলের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।”
