খুলনায় বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ
খুলনা সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন।
বুধবার সকাল থেকে খুলনা প্রেসক্লাবসহ নগরের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে বিক্ষোভ করেন।
পরিচ্ছন্নতাকর্মীরা বলছেন, পাঁচ মাস ধরে ১২০ জন শ্রমিক বেতন পাচ্ছেন না।
‘আউটসোর্সিং হিসেবে’ সিটি করপোরেশনে পরিচ্ছন্নতার কাজ করা এ কর্মীদের তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান বেতন দিতে নানা টালবাহানা করছেন বলে তাদের অভিযোগ।
কয়েকদিন ধরে বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছেন তারা।
পরিচ্ছন্নতাকর্মী রাকিব হাসান বলেন, “করোনার মধ্যেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে সিটি করপোরেশনের বর্জ্য পরিষ্কার করছি। অথচ পাঁচ মাস ধরে বেতন পাচ্ছি না।”
বর্জ্য অপসারণে গ্লাভস, মাস্ক, বুট জুতা, হেলমেট ব্যবহার করার কথা থাকলেও তাদের কিছুই নেই বলে আক্ষেপ করেন তিনি জানান, তারা শুনেছেন, এসব বরাদ্দ হয়েছিল, কিন্তু তাদের দেওয়া হয়নি।
বিক্ষোরত শ্রমিকরা বলছেন, বর্তমানে বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। মুদি দোকানিরা আর বাকি দিতে চাইছেন না। বাড়িওয়ালারাও ভাড়ার টাকার জন্য তাগিদ দিচ্ছেন।
বিক্ষুব্ধ শ্রমিকদের ভাষ্য, ২০২০ সালের অক্টোবর মাসে কেসিসির আউটসোর্সিংয়ে চাকরিতে যোগদান করেন তারা। কয়েক মাস সঠিকভাবে বেতন পেলেও চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বেতন পাননি। একে লকডাউন, সেই সঙ্গে সামনে ঈদ। এ সময় টাকা না পেলে তারা না খেয়ে মরবেন।
জানতে চাইলে এ পরিচ্ছন্নতাকর্মীদের তত্ত্বাবধায়ক হাফিজুল ইসলাম বলেন, শ্রমিকদের হাজিরা সংক্রান্ত জটিলতার কারণে মেয়র তদন্ত কমিটি করেছিলেন। তদন্ত প্রতিবেদন তৈরি করে মেয়রকে দেওয়া হয়েছে। এরপর দিন তিনি অসুস্থ হয়ে ঢাকায় চলে যান।
হাফিজ বলেন, “মেয়র খুলনায় এলে সমস্যার সমাধান হয়ে যাবে।”
তবে তদন্তে কেন এত দীর্ঘ সময় লাগল, এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি হাফিজুল।
