গাজীপুরে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত, চালক আটক
গাজীপুরে ট্রাকচাপায় এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
জেলার কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, বাইমাইল এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন কালু (৩১) ময়মনসিংহের ভালুকা থানার সোহাল গ্রামের মো. কুদরত আলীর ছেলে। কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে সালনা এলাকায় ফ্রেন্ডস নিটিং নামে একটি পোশাক কারখানায় স্যাম্পল ম্যান পদে চাকরি করতেন তিনি।
ওসি সিদ্দিক প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, কালু মটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কালু নিহত হন।
আটক নূর মোহাম্মদ (৪৫) জয়পুরহাট সদর উপজেলার রাংতা এলাকার মো. শামসুদ্দিনের ছেলে।
ওসি সিদ্দিক বলেন, আটক চালক পুলিশ হেফাজতে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
