২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: রাজশাহীতে ৮, ময়মনসিংহে ১০ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে কোভিডে আরও আটজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ১০ জনের।

ময়মনসিংহ প্রতিনিধি

রাজশাহী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2021, 10:54 AM

Updated : 02 Aug 2022, 06:05 PM

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে চিকিৎসা কর্মকর্তারা জানান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, তাদের হাসপাতালে পজিটিভ আটজন ছাড়াও একই সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ জন।

এ নিয়ে চলতি মাসে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ২২৩ জনের মৃত্যু হল বলে তিনি জানান।

পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় তাদের হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন। সুস্থ হয়েছেন ৭৬ জন। মঙ্গলবার সকালে এ হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি ছিলেন ৪৫৪টি বেডের বিপরীতে ৫০৪ জন। অন্যদের মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। ৫০৪ জনের মধ্যে ২৪১ জনের পজেটিভ। অন্যরা আছেন উপসর্গ নিয়ে। তাছাড়া চিকিৎসা নিয়ে কোভিডমুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তী শারীরিক জটিলাতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।

শামীম ইয়াজদানী জানান, রাজশাহী জেলায় সোমবার ৪৬৯ জনের পরীক্ষায় শনাক্তের হার এসেছে ৩৩ দশমিক ৬৯ শতাংশ। এর আগের দিন রোববার ছিল ২৯ দশমিক ৬৩ শতাংশ। শনিবার ছিল ২৫ দশমিক ৫ শতাংশ। গত শুক্রবার ছিল ৩৩ দশমিক ৯৯ শতাংশ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে একই সময় ১০ জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে আইসিইউতে ২০ জনসহ কোভিড ইউনিটে ভর্তি চিকিৎসাধীন ছিলেন ৪৬২ জন। একই সময়ে নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন। সুস্থ হয়েছেন ৫২ জন।

সোমবার ৯৭৫ জনের পরীক্ষায় ২৬৫ জনের পজিটিভ এসেছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম।