২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে ঢাকা ঘিরে ‘ডাকাত চক্র বেপরোয়া’, গ্রেপ্তার নয়

ঈদকে সামনে রেখে ঢাকাসহ আশপাশের এলাকায় ‘ডাকাত চক্র বেপরোয়া হয়ে উঠেছে’।

গাজীপুর প্রতিনিধি

ও সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2021, 05:47 PM

Updated : 10 Oct 2022, 06:06 PM

সোমবার ভোররাতে ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল এবং গাজীপুরের টঙ্গীর আউচপাড়ার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনশৃংখলাবাহিনী জানিয়েছে।

সাভার থেকে গ্রেপ্তার চারজন হলেন, গোপালগঞ্জের মাসুদ মৃধা (৩৩), নারায়নগঞ্জের সোহাগ মোল্লা (২৫), ব্রাহ্মণবাড়ীয়ার মাসুদুর রহমান (৩৬) এবং গাইবান্ধার ইউসুফ আলী (৩০)।

আর টঙ্গী থেকে গ্রেপ্তার পাঁচজন হলেন, মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি থানার নাটাশরের বাবুল হোসেনের ছেলে রবিন (২৬), গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের জাহাঙ্গীরের ছেলে অন্তর (২০), আবুল কাসেমের ছেলে কাওসার ওরফে শান্ত (২৬), আব্দুল হাকিমের ছেলে শুভ (২৬) এবং বরিশালের বাবুগঞ্জ থানার রফিয়াদী এলাকার শামসুল হকের ছেলে মো. আকরাম (২৭)। 

সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানিয়েছেন, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় সংঘবদ্ধ দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে খবর পায় তারা। রোববার রাত আনুমানিক পৌনে ২টার দিকে বাইপাইল এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। জব্দ তালিকায় রয়েছে

প্রাইভেটকার, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি হাশুয়া, ৪টি চাকু, ১২টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৬১০ টাকা ।

গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে তাদের কাছে স্বীকার করেছেন, ‘তারা আন্তঃজেলা ডাকাত চক্র’। বেশ কিছুদিন ধরে ৮ থেকে ১০ জন মিলে সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ের বিভিন্ন স্থানে যানবাহনে মানুষজনকে ভয়ভীতি দেখিয়ে ও হামলা করে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ডাকাতি করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, টঙ্গীর এরশাদনগর বাসস্ট্যান্ডের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়।

সেখান থেকে ‘পাঁচ সশস্ত্র ডাকাত সদস্যকে আটক করা হয়’।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় সামুরাই, চাইনিজ কুড়ালসহ পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘তারা চুরি, ছিনতাই, ডাকাতিতে সম্পৃক্ততার কথা স্বীকার করেছ ‘।

টঙ্গী থানায় মামলার পর সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।