২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ‘জেলি মেশানো ৩৫ মণ’ চিংড়ি জব্দ

চাঁদপুরে ক্ষতিকর জেলি মেশানো ৩৫ মণ চিংড়ি জব্দ করা হয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2021, 04:20 PM

Updated : 02 Aug 2022, 06:04 PM

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. সাদিক হোসেন বলেন, সোমবার ভোরে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

চিংড়িগুলো খুলনা থেকে চাঁদপুর হয়ে চট্টগ্রাম পাচার করা হচ্ছিল জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীর পারে পরিত্যাক্ত অবস্থায় চিংড়িগুলো পাওয়া গেছে। জব্দ করা চিংড়ির দাম প্রায় ১৪ লাখ টাকা।

“কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চিংড়ি পাচারকারীরা পালিয়ে গেছে। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা চিংড়ি দুপুরে  মাটিতে পুঁতে ফেলা হয়েছে।”

সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য বলেন, অধিক মুনাফার লোভে অসাধু চক্র চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশায়। জেলি মিশ্রিত এসব চিংড়ি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। মৎস্য বিভাগ এসব চক্রকে আইনের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে।