২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কোরবানিতে ‘সবচেয়ে বড় গরু’ সম্রাট

ফরিদপুরে কোরবানিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের অনলাইনে বিক্রির তালিকার সব চেয়ে বড় ষাঁড়টির নাম সম্রাট।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 11:52 PM

Updated : 07 Apr 2022, 11:20 PM

‘সাড়ে ৯ ফুট লম্বা, ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতা এবং ৩৩ মণ ওজন’ তার।

ফরিদপুর জেলা প্রাণী সম্পদ অধিপ্তর কর্মকর্তা নুরুল আহসান বলেন, ৩৩ মণ ওজনের সম্রাটের ছবিসহ অনলাইনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ফরিদপুর জেলায় মধ্যে ‘সবচেয়ে বড় গরু হিসেবে’ তালিকাভুক্ত হয়েছে এই সম্রাট।

ক্রেতাদের সুবিধার্থে প্রাণী সম্পদ অধিদপ্তরের কোরবানি উপলক্ষে খোলা ফেইসবুক পেইজে ষাঁড়টির ছবিসহ তথ্যাদি প্রকাশ করেছে।

সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুরে অবস্থিত মাইশা ডেইরী ফার্মে ফ্রিজিয়ান জাতের এ গরুর জন্ম। সেখানেই লালন পালন করা হচ্ছে।

মাইশা ডেইরি ফার্মের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম সবুজ জানান, তার ফার্মের এক গাভী জন্ম দেয় এটিকে। প্রাকৃতিক উপায়ে এটিকে লালন পালন করে বড় করেছেন তারা।

‘তাজা ঘাস, খড়, গম, ভুসি ও খৈলসহ প্রাকৃতিক খাবার’ খাওয়ানো হয় এটিকে। ষাঁটির দিনে প্রায় ১৬ কেজি খাবারের জন্য হাজার টাকার মত গুনতে হয় তাদের।

কোরবানিকে সামনে রেখে গরুটি প্রস্তুত করার কথা জানিয়ে সবুজ আরও বলেন, “চলমান করোনা পরিস্থিতির কারণে খামারীরা খুব অসুবিধায় আছেন। অনলাইনে গরু বিক্রির কথা বলা হলেও অনেকে এ বিষয়ে ধারণা নেই।”

স্বাস্থ্যবিধি মেনে সীমিত সময়ের জন্য হলেও গরু বিক্রির ব্যবস্থা করা গেলেও তারা উপকৃত হতেন বলে জানান তিনি।

খামারীদের সমস্যার বিষয়ে সরকার অবহিত রয়েছে। লকডাউন শেষে হয়তো এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলেন প্রাণী সম্পদ অধিপ্তর কর্মকর্তা নুরুল আহসান।