কেক কেটে অক্সিজেন সেবা উদ্বোধন করায় সমালোচনা
পাবনায় লাল ফিতা ও কেক কেটে উৎসবমুখর আয়োজনে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন ব্যাংক চালু করে সমালোচনার মুখে পড়েছে একটি সংগঠন।
শনিবার বিকালে শহরের দিলালপুরে পাবনা রোটার্যাক্ট ক্লাব অব রুপকথার উদ্যোগে ‘রুপকথা অক্সিজেন ব্যাংক’র উদ্বোধন করা হয়।
ওই উদ্বোধন অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। আয়োজকদের এমন কর্মকাণ্ডকে ‘নিন্দনীয়’ ও ‘দৃষ্টিকটু’ বলেও মন্তব্য করেছেন অনেকে।
কেক ও ফিতা কেটে অক্সিজেন ব্যাংক উদ্বোধনের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে রোটারী ক্লাব অব রুপকথার সদস্যরা জানান, ঘটনাটি খুবই নিন্দনীয় হয়েছে। পাবনায় লোকজনের মধ্যে বর্তমানে হাহাকার পরিবেশ বিরাজ করছে। প্রায় প্রতিটি বাড়িতেই করোনাভাইরাসের রোগীদের অক্সিজেন সঙ্কট মোকাবেলা করতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইরে রুপকথা অক্সিজেন ব্যাংকের প্রধান সমন্বয়কারী রোটারিয়ান মো. হাফিজুর রহমান শিবলী বলেন, “এটি মূলত দৃষ্টিভঙ্গির ব্যাপার। একটি শুভ কাজ করছি; তাই মূলত এমনটি করা হয়েছে।”
রোটারি ক্লাব অব রূপকথার প্রেসিডেন্ট সুরাইয়া সুলতানা বলেন, “অক্সিজেন ব্যাংক উদ্বোধনের জন্য আনন্দ উৎসব করে কেক কাটা নয়, রোটার্যাক্টদের এটি প্রথম অনুষ্ঠান তাই কেক কাটা হয়েছে।”
তিনি বলেন, উৎসবমুখোর পরিবেশের মধ্য দিয়ে রুপকথা অক্সিজেন ব্যাংকটির উদ্বোধন করার মূল উদ্দেশ্য হলো এর মাধ্যমে লোকজনকে উৎসাহিত করা।
